ঘূর্ণিঝড় ‘মিধিলি: ৫১ স্থানে ভেঙে পড়া গাছ অপসারণ
ডেস্ক নিউজ: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে রাজধানীসহ সারাদেশে ৫১টি স্থানে রাস্তার ওপর ভেঙে পড়া গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দুর্যোগপ্রবণ এসব স্থানে রাস্তার ওপর পড়ে থাকা গাছ অপসারণ করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সারাদেশের ৫১টি স্থানের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে চারটি, চট্টগ্রাম বিভাগে ২৬টি ও বরিশাল বিভাগের ২১টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা এসব গাছ অপসারণ করে রাস্তা যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন।
এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির কারণে এখন পর্যন্ত দেশের কোথাও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
