জাতীয়

সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: টেলিভিশন উপস্থাপিকা ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর কাওরানবাজারে স্থানীয়রা তাকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজত মুন্নী সাহা আছেন বলে জানা গেছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় মুন্নী সাহাকে স্থানীয় লোকজন ঘিরে ফেলে। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নেয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, মুন্নী সাহার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় মামলা করা হয়। গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।

ভোরের কাগজ দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। এটিএন নিউজের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে ২০২৩ সালের ৩১ মে মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *