অপরাধ

নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা, মারধরের অভিযোগ

ডেস্ক নিউজ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কোটকান্দি এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও আনলোড করার ঘটনায় বাধা দেওয়ায় অ্যাডভোকেট নাসির উদ্দীন নামে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কাঞ্চনপুর ইউনিয়নের শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা বলেন, পদ্মা নদীর ভাঙনে আমাদের ১৩টি মৌজার মধ্যে ১২টি নদীতে বিলীন হয়েছে। এখন একটিমাত্র মৌজায় বসবাস করছি। বালু উত্তোলন ও আনলোডের কারণে নদীর পাড়ের ভাঙন আরও তীব্র হচ্ছে। বাধা দেওয়ায় আমাদের এলাকার আইনজীবী নাসির উদ্দীনকে মারধর করা হয়েছে। আমরা এর বিচার চাই।

আইনজীবী নাসির উদ্দীন জানান, শুক্রবার রাত ৮টার দিকে কোটকান্দি মোড়ে বালু ব্যবসায়ী ও জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহাগ এবং সদস্য নিরব আহমেদ রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন নাসির উদ্দীনকে মারধর করেন। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।

অভিযুক্ত রাকিব হাসান সোহাগ বলেন, আমরা বৈধ উপায়ে বালু ব্যবসা করছি। বালু ইজারাদারদের কাছ থেকে বালু কিনে আনলোড করি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক।

মানববন্ধনে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজহার উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, থানা শ্রমিক দলের সভাপতি বাদশা গায়ানসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *