রাজধানীতে এনার চাপায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানী ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া গতির এনা পরিবহনের একটি বাস মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার দুজনেই পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে বিমানবন্দর সড়কে লা মেরিডিয়ান হোটেলের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, এনা পরিবহনের বাসটি জব্দ করা করা গেলেও চালক ও হেলপার পালিয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
ওসি জানান, নিহত মোটরসাইকেল চালকের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।
