খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
ডেস্ক নিউজ: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে শনিবার (২৯ জুন) বেলা ৩টার দিকে তিনদিনের এ সমাবেশের প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। আগামী ১ জুলাই মহানগর পর্যায়ে এবং ৩ জুলাই জেলা পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে।
সমাবেশ কেন্দ্র করে শনিবার দুপুর ২টার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায়। এতে কার্যালয়ের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, সকালে বৃষ্টির মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৬টি পিকআপের ওপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়। টাঙানো হয় ব্যানার। মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয় মাইক। সকাল থেকেই ঢাকা মহানগর ও আশপাশের জেলা ও মহানগর থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী শপু, সহ-পল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সরকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
