বগুড়ায় পুকুর পাড়ে মিলল যুবকের লাশ
ডেস্ক নিউজ: বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাজারের পাশে থলপাড়া মৌজার কাশিয়াগাড়ি নামক একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করে। কয়েকদিন আগে কে বা কারা ঐ যুবককে হত্যার পর পুকুর পাড়ে ফেলে রেখে যেতে পারে বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয়রা জানান, দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাজারের পাশের কাশিয়াগাড়ি নামক একটি পুকুর পাড়ে স্থানীয়রা অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিয়ালে খাওয়া অজ্ঞাত ঐ যুবকের লাশ উদ্ধার করে। নিহত যুবকের মাথার খুলি দেহ থেকে প্রায় ৫০ গজ দূরে পাওয়া যায়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, লাশ উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
