ফরিদপুরে কৃষক হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন
ডেস্ক নিউজ: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষক আব্দুল কুদ্দুস শেখ হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর আসামিকে দুই বছরের সাজা এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নবাব আলী মৃধা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি বোয়ালমারীর কুন্ডু রামদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় নিহত হন আব্দুল কুদ্দুস শেখ। এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে আটজনের নামে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। পুলিশের তদন্ত শেষে এ ঘটনায় ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রোববার এ মামলার রায় ঘোষণা হলো।
