খেলাধুলা

টাইব্রেকার ভাগ্যে নেপালের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

খেলা ডেস্ক: বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে দুই ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজ জিতে নিয়েছে নেপাল। আজ (রোববার) কমলাপুর স্টেডিয়ামে দুই দেশের দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য ড্র করে টাইব্রেকারে সিরিজ নির্ধারণ হয়।

নেপাল ৫টি শট নিয়ে ৪ গোল এবং বাংলাদেশ চারটি শটটি ২ গোল করে। ৪-২ গোলে বাংলাদেশকে হারিয়ে ট্রফি নিয়ে ঘরে ফিরছে হিমালয়ের দেশের মেয়েরা। দুই দলের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।

 

টাইব্রেকারে নেপালের গোলের সূচনা করেন সাবিত্রা ভান্ডারি। বাংলাদেশের প্রথম শট নিয়েছিলেন শামসুন্নাহার। নেপালের বদলি গোলরক্ষক অঞ্জনা রানা মাগারকে পরাভূত করে দলকে ম্যাচে ফেরান এই ডিফেন্ডার।

 

মারিয়া মান্ডার শট নেপালের গোলরক্ষক ঠেকিয়ে দিলে ম্যাচ ঝুঁকে পড়ে অতিথি দলটির দিকে। দিপা শাহী বাংলাদেশের জালে বল পাঠিয়ে ম্যাচটি প্রায় নিজেদের করে নেন।

মনিকা চাকমা নেন বাংলাদেশের চতুর্থ শট। গোল করে বাঁচিয়ে রাখেন আশা। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক রূপনা চাকমার কাঁধে তখন গুরু দায়িত্ব। কিন্তু আনজিলা লক্ষ্যভেদ করে জয় এনে দেন নেপালকে। ট্রাইব্রেকারে ৪-২ গোলে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নেয় নেপাল।

 

বৃহস্পতিবার প্রথম ম্যাচটি প্রথমার্ধে ঢিলাঢালা হলেও জমেছিল দ্বিতীয়ার্ধে। তবে রোববার সিরিজ নির্ধারণী ম্যাচটি সেভাবে জমাতে পারেনি গত সাফ চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট।

বাংলাদেশ দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেললো। নেপাল সাফের পর চারটি ম্যাচ খেললেও তাদের খেলায়ও তেমন ধার ছিল না। যদিও প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে তারা একটু গুছিয়ে খেলতে পেরেছে। এই ম্যাচ তারা ভালো খেলেই ম্যাচটি ড্র করেছে।

 

বাংলাদেশ একাদশ
রূপনা চাকমা, সিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার (রিপা), মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার (রিতু পর্না চাকমা), তহুরা খাতুন (সুমাইয়া), সাবিনা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *