অপরাধ

ছেলের বঁটির কোপে মা খুন

নিউজ ডেস্ক: শরীয়তপুরের নড়িয়ায় মাকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে জাহিদ হাসান মাঝিকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুরের নড়িয়ার ঘড়িষার ইউপির বাহির কুশিয়া গ্রামের ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত নারগিস বেগম উপজেলার ঘরিসার ইউপির ঘরিসার বাহির কুশিয়া এলাকায় সেলিম মাঝির স্ত্রী। তার স্বামী সেলিম মাঝি ঘড়িসার বাজারের একজন ব্যবসায়ী। অভিযুক্ত জাহিদ হাসান মাঝি ওই দম্পতির তিন ছেলের মধ্যে বড়।

জানা যায়, বুধবার বিকেলে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে জাহিদের বাবা-মা বাসায় আসেন। পরে জাহিদ ও নারগিসকে বাসায় রেখে সেলিম মাঝি দোকানে চলে যায়। তখন মা নারগিস বেগমকে একা পেয়ে জাহিদ বঁটি এনে মায়ের ঘাড়ে, মাথায় ও হাতে কোপাতে থাকেন। তখন নারগিস মেঝেতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত নারগিসকে মা ও শিশু ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয়রা জাহিদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। নিহত নারগিসের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নারগিসের ছেলে জাহিদের অভিযোগ, তার মা ও পরিবারের লোকজনকে তিনি ধর্ম সম্পর্কে এক বছর যাবত বুঝাচ্ছেন। কিন্তু তারা জাহিদের কথা মানছেন না। তাই উত্তেজিত হয়ে ঘর থেকে বঁটি এনে মা নারগিস বেগমকে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করেছেন।

নাড়িয়া থানা ওসি মো. হাফিজুর রহমান বলেন, নারগিস বেগম নামে এক গৃহবধূকে তার নিজ সন্তান বঁটি দিয়ে কুপিয়ে খুন করেছেন। অভিযুক্ত জাহিদকে আটক করা হয়েছে। ঘটনার সূত্র এখনো জানা যায়নি। তদন্ত শেষে প্রকাশ করা হবে। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *