অপরাধ

বিয়ানীবাজারে বসত বাড়ীতে আগুন ও শান্তিপূর্ণ সহাবস্থানের হুমকি

ষ্টাফ রিপোর্টার: জানা যায় যে, গত রাতে হেফাজত সমর্থক বিপুল সংখ্যক উত্তেজিত জনগণ, বিয়ানীবাজারে কালাইউড়া গ্রামে একটি বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হতভাগ্যের নাম আব্দুল বাতিন।
ঘটনায় প্রকাশ, জনাব বাতিন ‘‘সকলের জন্য শান্তি’’ (পিস ফর অল) নামে একটি অসাম্প্রদায়িক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত। এলাকার স্বার্থের জন্য তিনি সমস্ত ধর্মের লোকদের সহায়তা করেন এবং এলাকার মুসলিম ও হিন্দুদের মধ্যে পারস্পরিক সহাবস্থানের জন্য কাজ করেন। এই সংবাদদাতা জানতে পেরেছেন, জনাব বাতিন গত বছর অক্টোবর ২০২১ সালে দূর্গা পূজার সময় এলাকায় দাঙ্গায় হিন্দু লোকদের আশ্রয় দিয়েছিলেন। হেফাজত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে রায়হান উদ্দিন এবং আমিনুল ইসলাম তার এই উদার আচরণ পছন্দ করেননি। তারা আব্দুল বাতিনকে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাহায্য না করার জন্য হুমকি দেয়। এক পর্যায়ে গতরাতে রায়হান ও আমিনুল শতাধিক ধর্মান্ধ লোকদের নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। জানা গেছে, বাড়ির ভেতরে থাকা তার স্ত্রী ও সন্তানরা ঐ ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।

এই রিপোর্টার তাদের সাথে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু, তাদের পাওয়া যায়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বাতিনের বাড়িতে আগুন লেগে ছাই হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে ডাকা হলেও তারা দেরিতে পৌঁছায়।

বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই নির্লজ্জ কাজের পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখার চেষ্টা করছে। স্থানীয়দের মতে, আব্দুল বাতিন একজন আলোকিত মানুষ এবং আধুনিক ধারণার পক্ষে ছিলেন, যা ধর্মান্ধ মুসলমানদের ক্ষুব্ধ করেছিল এবং এই কারণেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অত্র প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা গ্রহণ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *