পাকিস্তানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে প্রদেশটির কোহাট জেলায় একটি সুড়ঙ্গ পথের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জরুরি উদ্ধারকারী কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
জরুরি উদ্ধারকারী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, আমরা হতাহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি। প্রচার হওয়া টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে।
প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
রোববার (২৯ জানুয়ারি) বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সেতু থেকে পড়ে গিয়ে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়।
দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে সচারাচর মারাত্মক দুর্ঘটনা ঘটে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
