রাজনীতি

‘ভারত চাচ্ছে বাংলাদেশে ধর্মীয় সম্প্রতি বজায় না থাকুক’

ডেস্ক নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, ভারত চাচ্ছে বাংলাদেশে ধর্মীয় সম্প্রতি বজায় না থাকে। তারা বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেষ্টা করছে। ভারতের একটি পক্ষ বাংলাদেশে যুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতীয় উসকানির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে যে হামলা হয়েছে এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। দূতাবাসে হামলায় ভারতের পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, এতে বাংলাদেশের  হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

ভারত যদি বাংলাদেশের হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে অন্তর্বর্তী সরকার সে দেশ থেকে হাইকমিশন প্রত্যাহার করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *