জাতীয়রাজনীতি

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা

ডেস্ক নিউজ: ভাতা বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি দিয়ে ১১ ঘণ্টা পর রাজধানীর শাহবাগ ছেড়ে দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

রোববার দিনগত রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন তারা।

চিকিৎসকরা বলেন, সোমবার সকাল ১০টায় বিএসএমএমইউয়ের বটতলায় জমায়েত হবেন চিকিৎসকরা। সেখান থেকে বেলা ১১টায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রওনা হবেন। প্রধান উপদেষ্টার কাছে আগামী জানুয়ারি থেকে ৩৫ হাজার টাকা এবং জুলাই থেকে ৫০ হাজার টাকা বাড়ানোর দাবি করবেন তারা। পাশাপাশি কর্মবিরতি অব্যাহত থাকবে।

জানুয়ারি থেকে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকার দাবিতে শাহবাগে সড়কে অবস্থান নেন।

সরকার দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলে তবেই তারা আন্দোলন থেকে পিছু হটবেন কি না সেই সিদ্ধান্ত জানাবেন বলে রোববার সন্ধ্যায় জানান আন্দোলনকারীরা।

এদিন সন্ধ্যায় শাহবাগ মোড়ে মোমবাতি জ্বালিয়ে সড়কে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারী চিকিৎসকদের। তারা ঐ সড়কের বিভিন্ন অংশে জটলা করে যান চলাচল বন্ধ করে দেন।

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে রোববার সকাল থেকে বিক্ষোভ করেন চিকিৎসকরা। বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *