সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার হাতিরপুলের স্থায়ী বাসিন্দা এবং দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক মো: ইউনুস আলী (সবুজ ইউনুছ) ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মানহানির মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ মানহানির মামলাটি গত মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের প্রভাবশালী যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি স্থানীয় থানায় দায়ের করেছেন। উল্লেখ্য যে, মহিউদ্দিন বর্তমান প্রধানমন্ত্রীর জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা জনাব তৌফিক-ই-ইলাহীর ভাতিজা।
এ ব্যাপারে ভূক্তভোগী ইউনুস আলী কানাডা থেকে জানান, সরকারের জ্বালানী এবং পাওয়ার সেক্টর নিয়ে বিভিন্ন লেখালেখি এবং অনুসন্ধানী প্রতিবেদন করায় বেশ অনেকদিন ধরেই তিনি অব্যাহত হুমকি পেয়ে আসছিলেন। পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় তিনি দেশ ছেড়ে বিদেশে আত্মগোপনে চলে আসতে বাধ্য হন। তিনি আরো বলেন, এই মামলাটি একটি মিথ্যা এবং বানোয়াট মামলা। কারণ, তিনি এবং তার স্ত্রী এ মামলার সময় দেশেই ছিলেন না।
এ ব্যাপারে ইউনুস আলীর ভাই মোহাম্মদ আবদুল মজিদ জানান, তাকেও এ মামলায় জড়ানো হয়েছে। কারণ, আওয়ামী লীগ এর এই নেতার হুমকিতে তিনি থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন। পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কোন ভাবেই সাহায্য করছে না বলে জানান তিনি।
এ ব্যাপারে মহিউদ্দিন আহমেদ এর ফোনে একাধিকবার ফোন করলেও ফোনে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার কাগজপত্র হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
