নবীনগরে অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেফতার ৩
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অটোরিকশা চালক আরাফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মাঈনুদ্দিন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইসাক মিয়া এবং সোনারগাঁও উপজেলার হোসেন মাহমুদ।
নিহত অটোরিকশা চালক আরাফাত হাসান নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর (বেতারাবাড়ি) এলাকার এন্তাজ মিয়ার ছেলে।
গত ৩০ নভেম্বর রাতে নবীনগর উপজেলার গনিশাহ মাজার এলাকা থেকে কয়েকজন ছিনতাইকারী আরাফাতের অটোরিকশায় যাত্রী বেশে ওঠে। পরে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকায় আসলে আরাফাতকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
