মেঘনায় তলা ফেটে অর্ধনিমজ্জিত কার্গো জাহাজ
ডেস্ক নিউজ: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া সংলগ্ন মেঘনা নদীতে তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মালবাহী কার্গো জাহাজ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে অর্ধনিমজ্জিত জাহাজের নাবিক-ক্রুসহ ১২ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল জানান, সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে ঢাকা থেকে খুলনার মোংলার উদ্দেশ্যে যাচ্ছিলো প্রিমিয়াম-৫ নামের একটি মালবাহী কার্গো জাহাজ। বেলা সাড়ে ১১ টার দিকে উলানিয়া জমিদার বাড়ি খাল সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে জাহাজের পেছনের অংশের তলা ফেটে ভেতরে পানি উঠতে থাকে।
তিনি আরো জানান, এ সময় কোস্টগার্ড দক্ষিণ জোনের কালিগঞ্জ স্টেশনের একটি টহল টিম দুর্ঘটনাস্থলের কাছাকাছি নদীতে টহল দিচ্ছিলো। তারা বিষয়টি দেখে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে জাহাজের নাবিক-ক্রুসহ ১২ জনকে উদ্ধার করেছে। বর্তমানে জাহাজটি ডুবোচরে আটকে গিয়ে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে।
নৌ-পুলিশের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ ফাঁড়ির এসআই আসাদুল আল গালিব বলেন, ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে ধীরে ধীরে পানি প্রবেশ করতে থাকায় বর্তমানে সেই অংশ নিমজ্জিত হয়। বর্তমানে জোয়ারের পানি ঢুকে জাহাজটির সামনের অংশ দেখা দেখা গেলেও পেছনের অংশ নদীর পানিতে তলিয়ে রয়েছে। বিষয়টি জাহাজ কোম্পানিকে জানানোর পর তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
