শেখ হাসিনার অবদান ১০০ বছর পরও মনে রাখবে মানুষ: সেলিম মাহমুদ
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে নিরঙ্কুশভাবে সমর্থন করবে। তিনি বাংলাদেশের জন্য যা করেছেন, মানুষ ১০০ বছর পরও শেখ হাসিনার অবদান মনে রাখবে।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. সেলিম মাহমুদ বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনা করে ১০০ বছরের জাতীয় পরিকল্পনা ও কর্মকৌশল প্রণয়ন করেছেন। এ পরিকল্পনা বাস্তবায়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। পৃথিবীর খুব কম রাষ্ট্রনায়কই এ ধরনের যুগান্তকারী সাফল্য দেখাতে পেরেছেন। নতুন প্রজন্ম নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে সমর্থন করবেন।
তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের মনে রাখতে হবে যে- নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে শিক্ষা অর্জন ও মেধার কোনো বিকল্প নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। তবে রাষ্ট্র ও সমাজকে চূড়ান্ত অর্থে কিছু দেওয়ার ক্ষেত্রে শুধু মেধাবী হলেই চলবে না। দেশপ্রেমিক হতে হবে, রাষ্ট্র ও নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, বাংলাদেশ মেরিন একাডেমির চিফ ইঞ্জিনিয়ার ও মেরিন সার্ভেয়ার মনজুর আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও বোগদাদ ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক, কুমিল্লাস্থ কচুয়া সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।
