রক্তমাখা ছুরিসহ গ্রেফতার ৩
ডেস্ক নিউজ: ব্রাহ্মণবাড়িয়ায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ১ হাজার ৪৫০ টাকা ও রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
রোববার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে শহরের দক্ষিণ পৈরতলা রেললাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের কাজীপাড়ার সরকারপাড়া মহল্লার অহিদ মিয়ার ছেলে জয়নাল আবেদীন (২৮), একই এলাকার জুয়েল মিয়ার ছেলে পারভেজ (১৮) ও নবীনগর উপজেলার কাইতলা গ্রামের জীবন মিয়ার ছেলে রাব্বি (১৮)।
সদর মডেল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, গ্রেফতার তিন ছিনতাইকারী দক্ষিণ পৈরতলা রেললাইন এলাকায় অবস্থান করতেন। তারা অপরিচিত পথচারী দেখলেই ছুরির ভয় দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতেন। কেউ না দিতে চাইলে তাকে ছুরিকাঘাত করে এবং টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন।
তিনি আরো জানান, শনিবার (৫ মে) এক প্রাইভেটকার চালক দক্ষিণ পৈরতলায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বিকেল ৩টার দিকে ওই ব্যক্তি রেললাইন এলাকায় হাঁটতে যান। সেখানে জয়নালসহ তিন ছিনতাইকারী ওই ব্যক্তিকে ছুরির ভয় দেখিয়ে টাকা পয়সা দেওয়ার জন্য বলেন। তিনি দিতে না চাওয়ায় তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেন এবং ৩ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যান। পরে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। ওই ঘটনায় মামলা হলে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ১ হাজার ৪৫০ টাকা ও রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। রোববার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
