ওশিমেনের জোড়া গোলে স্পেজিয়াকে বিধ্বস্ত করল নাপোলি
খেলা ডেস্ক: ইতালিয়ান সিরি আ লিগে নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওশিমেনের জোড়া গোলে স্পেজিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে নাপোলি।
ম্যাচের প্রথম গোলটি করেছে কাভিচা কাভারাটখেইলা। বিরতির পর স্পট কিক থেকে নাপোলিকে এগিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা এ উইঙ্গার। এরপর ওশিমেন দুই গোল করেন।
এর মাধ্যমে লিগে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬। ৬৮ মিনিটে রক্ষণভাগের ভুলে ওশিমেন ব্যবধান দ্বিগুন করেন। পাঁচ মিনিট পর কাভারাটখেইলার সহায়তায় দলের পক্ষে তৃতীয় গোল করেন তিনি।
ম্যাচ শেষে স্কাই ইতালিয়াকে ওশিমেন বলেন, ‘সব জয়ই গুরুত্বপূর্ণ। আমাদের এই ধারাবাহিতা ধরে রেখে প্রতিটি ম্যাচেই জয় নিশ্চিত করার চেষ্টা করতে হবে। অবশ্যই বিষয়টা ততটা সহজ নয়।
সিরি আ অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একটি লিগ। আমাদের অবশ্যই শীর্ষ চারে থাকার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই ম্যাচ থেকে ফিরে গিয়ে পরবর্তীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ।’
রেলিগেশন জোনে থাকা ভেরোনার থেকে পাঁচ পয়েন্ট উপরে উঠে স্পেজিয়া টেবিলের ১৭তম স্থানে রয়েছে।
