নতুন কাপড় নিয়ে সন্তানের কাছে ফেরা হলো না মাহমুদের
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রেনে কাটা পড়ে মাহমুদ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে বুধবার ট্রেনে কাটা পড়েন তিনি।
জানা যায়, জীবিকার তাগিদে বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান রেখে কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন মাহমুদ। বাড়ি যাবেন বলে বাচ্চাদের জন্য নতুন কাপড় নিয়ে বুধবার সকালে কুমিল্লা থেকে পাহাড়িকা ট্রেনে বাড়ির পথে রওয়ানা হন। দুপুর ২টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়েন তিনি। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মারা যান তিনি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদশা বলেন, অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে মারা যান মাহমুদ মিয়া। সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
