অপরাধ

ফরিদপুরে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: গতকাল ক্ষমতাসীন দলের ধর্মীয় শাখা আওয়ামী ওলামা লীগের আহবানে মুক্তবুদ্ধি চর্চার আন্দোলনের কর্মী কামরুজ্জামান-এর বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগে স্থানীয় বোয়ালমারী চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বিক্ষোভকারীরা তার কুশপুত্তলিকা দাহ করে।

কামরুজ্জামান সমাজে মুক্তবুদ্ধি চর্চা, যুক্তিবাদী ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় সোচ্চার এক্টিভিষ্ট হিসাবে স্থানীয়ভাবে সুপরিচিত। জানা যায়, গত ৭ জানুয়ারী ২০২৩ তারিখে কামরুজ্জামানের নিজস্ব ফেসবুক ওয়ালে দুটি পোস্টের কারণে স্থানীয় ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং তারই ধারাবাহিকতায় গতকালের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নামের একটি সাম্প্রদায়িকতা বিরোধী সংগঠন-এর সদস্য জনাব কামরুজ্জামান গত ৭ জানুয়ারী ২০২৩ইং তারিখে তার ফেসবুক ওয়ালে উক্ত সংগঠনের ১১ দফা দাবী সম্বলিত একটি স্ক্রিনশট পোষ্ট করেন। যার মধ্যে অন্যতম দাবী ছিল, বাংলাদেশের সংবিধান থেকে “বিসমিল্লাহ”, “রাষ্ট্র ধর্ম ইসলাম” এবং “আল্লাহর উপর পূর্ণ আস্থা” কথাগুলো বাদ দিতে হবে। একই দিনের অন্য এক সময়ে তিনি আরেকটি ফেসবুক পোস্ট করেন যাতে উল্লেখ ছিল, “ধর্ম না মানার সাংবিধানিক অধিকার চাই”। উক্ত পোস্ট দুটি স্থানীয় মুসলিম উগ্রপন্থী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং কামরুজ্জামান এক পর্যায়ে পোষ্ট দুটি ফেসবুক থেকে অপসারণ করেন। কিন্তু, তার ফেসবুক কাভার ফটোতে ১১ দফা দাবী সম্বলিত ব্যানারটি সংযুক্ত করেন, যা এখনো দেখতে পাওয়া যায়।

বিক্ষোভ সমাবেশের প্রধান আয়োজক, সরকারী দল আওয়ামী লীগ-এর ধর্মীয় শাখা আওয়ামী ওলামা লীগ এর সভাপতি মৌলভী সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কামরুজ্জামানের এরকম ধৃষ্ঠতা বরদাশত করা হবেনা। তার এই পোস্ট দেশের সকল মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। কামরুজ্জামানকে তিনি “নাস্তিক, মুরতাদ” আখ্যায়িত করে বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমান এর দেশে নাস্তিকদের কোনো ঠাঁই নাই ও তিনি তার ফাঁসির দাবী করেন।

কামরুজ্জামানকে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি জীবননাশের হুমকি পাচ্ছেন, তবে তিনি বিচলিত নন ও তিনি তার বিশ্বাস থেকে বিচ্যুত হবেন না। স্থানীয় পুলিশকে তিনি তার ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *