সারাদেশ

অ্যাম্বুলেন্স চাপায় স্কুলের সামনেই নিথর ছোট্ট মাসাপ্রু

সারাদেশ: খাগড়াছড়ির মানিকছড়িতে অ্যাম্বুলেন্স চাপায় মাসাপ্রু মারমা নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাসাপ্রু মারমা উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার বাসিন্দা। সে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স চাপায় গুরুতর আহত হয় মাসাপ্রু মারমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, সকালে স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হচ্ছিল মাসাপ্রু মারমা। এ সময় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মানিকছড়ি থানার উপপরিদর্শক মো. আওলাদ হোসেন জানান, সকালে অ্যাম্বুলেন্স চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তবে নিহতের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *