ওয়াজ মাহফিল থেকে ফেরা হলো না জলিলের
ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জলিল বেপারী নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার রাত ২টার দিকে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সানেরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল বেপারী একই উপজেলার কুঠিবাড়ি এলাকার মৃত হাসান বেপারীর ছেলে। আহতরা হলেন- ভ্যানচালক নুরুল হক ও আরেক যাত্রী জয়নাল মোল্লা।
জানা গেছে, উপজেলার সাধুর ব্রিজ এলাকা থেকে রোববার রাত ২টার দিকে ওয়াজ মাহফিল শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন জলিল বেপারী। এ সময় সানেরপাড় নামক স্থানে পৌঁছলে পিছনে থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন জলিল বেপারীসহ আরো দুইজন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জলিল বেপারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া গুরুতর আহত ভ্যানচালক নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। আহত আরেক যাত্রী জয়নাল মোল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, মধ্যরাতে বাসচাপায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
