শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকার অনুদান দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক নিউজ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লাখ টাকা আর্থিক অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
মঙ্গলবার বিকেলে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে তার বাবা-মায়ের হাতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লাখ টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের অসহায়, দুস্থ ও গরীব জনসাধারণদের সাহায্যার্থে গঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন।
