ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ১৮১৮
ডেস্ক নিউজ: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮১৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৫ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮৮৪ জন এবং দেশের অন্যান্য বিভাগে ৪ হাজার ৯১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এতে আরো বলা হয়, চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৮ হাজার ৩৮২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯৮ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫৯ হাজার ৫৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৯৫ হাজার ৬৯৩ এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৩ হাজার ৮৫১ জন সুস্থ হয়েছেন।
